এনপিএ
ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) এর ১৭৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে   ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের স্পিরিটে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) এর ১৭৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। গত ১৯ জানুয়ারি সংগঠনের ফেসবুক পেজে এক প্রেস রিলিজ দিয়ে উক্ত কমিটি প্রকাশ করা হয়। এনপিএ আত্মপ্রকাশ করে গত মাসের ৬ তারিখে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে।

প্রধান অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন উক্ত অনুষ্ঠানে এনপিএ’ র আহবায়ক হিসেবে জনাব নাভিদ নওরোজ শাহ্ এবং সদস্য সচিব হিসেবে জনাব তৌহিদ হোসেন এর নাম ঘোষণা করেন। নাভিদ নওরোজ একজন আইন পেশাজীবী এবং তৌহিদ হোসেন পেশায় উন্নয়ন কর্মকর্তা। প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন আবদুল্লাহ আল ফয়সাল যিনি পেশায় ইনভেস্টমেন্ট ব্যাংকার। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন খন্দকার আল ইমরান নাঈম যিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

এনপিএ তাদের ঘোষণাপত্রে পেশাজীবীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছে। ১৭৭ সদস্যের আহবায়ক কমিটিতে কর্পোরেট কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক, শিল্পী নানান পেশার মানুষ আছেন। পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে সংগঠনের বিস্তৃতি ঘটবে। বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই আহ্বায়ক কমিটি দেশের পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ করে জুলাই স্পিরিটের আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স আগামী দিনে পেশাজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং দেশ গঠনে গঠনমূলক ও ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে এনপিএ।

আরটিএনএন/এআই