বাসে আগুন
উত্তরায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।   ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিন চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় বাসের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং হঠাৎ আগুন ধরে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। যাত্রী না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।

ফায়ার সার্ভিস ও পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।