নির্বাচন
ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সদস্যদরা।   ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের ভোটাধিকার ও সমঅধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সদস্যদরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সদস্যরা বলেন, এক সপ্তাহ পর প্রতিবন্ধী ব্যক্তিরা আদৌ নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা সেই শঙ্কা এখনও কাটেনি। পোস্টাল ব্যালট চালুর প্রত্যাশা থাকলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে অনেক প্রতিবন্ধী ভোটারের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশনের কাছে অবকাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনে ব্রেইল ব্যালট বা পোস্টাল ব্যালটের নিশ্চয়তা দাবি করেছেন তারা।

সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড কেবল প্রার্থীদের জন্য নয়, ভোটারদের জন্যও নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী পিছিয়ে পড়লে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড আর সমান থাকে না।’ ভবিষ্যৎ নির্বাচনে ব্রেইল ব্যালট বা পোস্টাল ব্যালটের নিশ্চয়তা দাবি করেছে ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সদস্যরা।

আসন্ন ত্রয়দশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধি ব্যক্তিদের দাবি তুলে ধরেণ সংশ্লিষ্টরা। তারা বলেন, ‘ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিত না হলে প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার বাস্তবে অর্থহীন হয়ে পড়বে’।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধীবিষয়ক সব কর্মসূচির দায়িত্ব শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওপর সীমাবদ্ধ থাকায় অন্য মন্ত্রণালয়গুলো কার্যত কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্য কিংবা অবকাঠামো কোনো ক্ষেত্রেই প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা কার্যকরভাবে গড়ে উঠছে না।’

ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, রাজনৈতিক দলগুলোর ইশতেহারেও প্রতিবন্ধী নাগরিকদের জন্য সেবামূলক ও বাস্তবভিত্তিক অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।