মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টি
ফেনীর সরিষাদি বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুজিবুর রহমান মঞ্জু।   ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে জনগণ মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ঈগল প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফেনীর সরিষাদি বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুজিবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারায় দিনটি তাদের জন্য আনন্দ ও অনুপ্রেরণার।

তিনি বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। ভোটের মাধ্যমে সঠিক মানুষের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করতে পারলে আমাদের আন্দোলন পূর্ণতা পাবে। জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে পরিবর্তন আনতে প্রস্তুত।

গতকাল থেকে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। কোনো ধরনের সন্ত্রাস বা জোরাজুরি শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের বিপক্ষেই যাবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে মিথ্যাচার, ত্রাস ও নানা ধরনের অপপ্রচারের জবাব ভোটের মাধ্যমেই দেওয়া হবে।

সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। স্বতন্ত্রসহ মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।