ডিএমপি কমিশনার, ডিএমপি
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ডিএমপি কমিশনার।   ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। সে সময় ভোটকেন্দ্রে গেলে তাকে জানানো হয়েছিল, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ডিএমপি কমিশনার বলেন, ২০১৮ সালের নির্বাচনে একই কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভেতরে প্রবেশের পর দায়িত্বপ্রাপ্তরা তাকে জানান যে তার ভোট ইতোমধ্যে কাস্ট হয়ে গেছে। এ কথা শুনে তিনি আর ভোট না দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। তখন তার বাসা ওই এলাকায় ছিল। তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে অবসর গ্রহণের পর বর্তমানে ডিএমপি কমিশনার হিসেবে মিন্টো রোডে দায়িত্ব পালন করছেন।

এদিকে চলমান নির্বাচন প্রসঙ্গে শেখ সাজ্জাত আলী বলেন, গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো শঙ্কা বা বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন প্রত্যাশা করেছিলেন এবং এখন পর্যন্ত পরিবেশ সে দিকেই এগোচ্ছে। দীর্ঘদিন পর নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার মনোভাব প্রকাশ করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তার আশা, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সুষ্ঠু গণনার মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।