ডিএমপি কমিশনার, ডিএমপি
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার।   ছবি: সংগৃহীত

নির্বাচনকে ঘিরে গত ছয় মাস ধরে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল ভোট হবে না বা নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তবে আজকের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, “আপনারা নিজেরাই দেখছেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো সমস্যা বা শঙ্কা নেই।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন প্রত্যাশা করেছিলেন এবং এখন পর্যন্ত পরিবেশ সেই দিকেই এগোচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন উল্লেখ করে তিনি নিজের ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।

সকাল থেকে রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে শেখ সাজ্জাত আলী বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার মনোভাব দেখা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে, তাই ফলাফল সবাই স্বাভাবিকভাবেই মেনে নেবেন বলে আশা করা যায়। দিনভর একই পরিবেশ বজায় থাকবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ২০১৮ সালের নির্বাচনের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ডিএমপি কমিশনার। তিনি জানান, ওই বছর একই কেন্দ্রে ভোট দিতে এসে জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। বিষয়টি শুনে তিনি ভোট না দিয়েই কেন্দ্র ত্যাগ করেছিলেন।