সাদিক কায়েম, ডাকসু
ডাকসু ভিপি সাদিক কায়েম।   ছবি: সংগৃহীত

সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদর (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে ফেসবুক পোস্টে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন। পোস্টে রামপুরা ও নরসিংদীতে ঘটে যাওয়া দুটি ঘটনার উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সাদিক কায়েম লেখেন, রামপুরায় ছয় বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। মামলা করতে থানায় গেলে পরিবারকে ‘দুর্ঘটনা, মাইনা নেন’ বলে পরামর্শ দেওয়া হয়। স্থানীয়দের বিক্ষোভ ও থানা ঘেরাওয়ের পর অভিযোগ নেওয়া হলেও রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদদে মামলা প্রত্যাহারের জন্য পরিবারকে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে নরসিংদী জেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, অপরাধীদের বিচার না করে স্থানীয় এক ইউপি সদস্য ও বিএনপি নেতা দেওয়ান ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেন। পরে ন্যায়বিচারের দাবিতে অনড় থাকায় ওই কিশোরীকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় মহিশুড়া বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান অভিযুক্তদের পক্ষে অবস্থান নিয়েছেন বলেও অভিযোগ করেন সাদিক কায়েম।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘এটি কি কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে? অপরাধীরা কি এতটাই প্রভাবশালী যে আইনের হাত তাদের স্পর্শ করতে পারছে না? নাকি দেশের আইন, রাষ্ট্র ও বিচারব্যবস্থা আজ অপরাধীদের কাছেই জিম্মি হয়ে পড়েছে?’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, দেশব্যাপী চলমান এসব ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নরসিংদীসহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। স্থান নির্ধারণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ। সময় বাদ জুমা (দুপুর ১টা ৩০ মিনিট)। আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।