ঈদযাত্রায় যাত্রী চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু।
ঈদযাত্রায় যাত্রী চাপ কমাতে বসিলা ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু।   ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালের ওপর যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে বসিলা ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা-সদরঘাট-হাকিমুদ্দিন রুটে ‘এমভি টিপু’ লঞ্চটি ছেড়ে যাওয়ার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত বসিলা ব্রিজ সংলগ্ন এই অস্থায়ী ঘাট থেকে প্রতিদিন মোট ৬টি লঞ্চ নিয়মিতভাবে যাত্রী পরিবহন করবে।

নতুন রুটের সুবিধা হলো গাবতলী, মোহাম্মদপুর ও বসিলা এলাকার যাত্রীরা সরাসরি নৌপথে গন্তব্যে পৌঁছাতে পারবেন, সদরঘাটে যাওয়ার প্রয়োজন হবে না। এ রুটে লঞ্চ চলাচলের মাধ্যমে সদরঘাটে যাত্রীদের চিরচেনা জটলা ও ভোগান্তি কমানোর আশা করা হচ্ছে। 

প্রথম দিনের যাত্রা

সকাল ৭টায় ‘এমভি টিপু’: প্রায় ১০০–১৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। সকাল সাড়ে ৮টায় ‘এমভি ইমাম হাসান-৫’ (বসিলা-সদরঘাট-শরীয়তপুর), বেলা ১১টায় ‘এমভি ঈগল-৪’ (চাঁদপুরগামী) লঞ্চ ছেড়ে যায়। বিকেল সাড়ে ৫টায় ‘এমভি ইয়াদ-১’ (ভোলার ইলিশার উদ্দেশে) ছেড়ে যাবে। 

দুপুরের শিফট

দুপুর ১২টায় ‘এমভি টিপু-৬’ (ইলিশাগামী), দুপুর ১:৩০টায় ‘এমভি বোগদাদীয়া-১২’ ও ‘এমভি শরিয়তপুর-৩’ (গলাচিপা ও শরিয়তপুরগামী) লঞ্চ ছেড়ে যাবে। 

অন্যান্য ব্যবস্থা

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও সকালেই চাঁদপুর ও বরিশালের উদ্দেশে তিনটি বিশেষ লঞ্চ চলাচলের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত জনবল মোতায়েন করো হয়েছে। ভিড় বাড়লে লঞ্চ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।   

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানিয়েছেন, বসিলা ঘাট থেকে শুরু হওয়া এই সেবা সফল হলে ভবিষ্যতে নিয়মিতভাবে এখান থেকে লঞ্চ চলাচলের বিষয়টি বিবেচনা করা হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন নৌপথ সংযোগ ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআর/আরটিএনএন