২৮ দিনে ২৮ পদক্ষেপ নিয়েছে সরকার: মাহদী আমিন
২৮ দিনে ২৮ পদক্ষেপ নিয়েছে সরকার: মাহদী আমিন   ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম ২৮ দিনে নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, আজ ১৭ মার্চ। ঠিক এক মাস আগে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। মাত্র ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং প্রতিটি কার্ডের বিপরীতে মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তা। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানী চালু, ঈদ উপলক্ষে অসহায়দের পোশাক ও উপহার বিতরণ এবং প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর উদ্যোগ।

কৃষি খাতে প্রায় ২৭ হাজার কৃষককে কৃষক কার্ড প্রদান এবং প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন কার্যক্রম শুরু হয়েছে।

প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে শনিবারও অফিস কার্যক্রম চালু রাখা, ভিভিআইপি প্রটোকল কমানো, বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সীমিত করা এবং এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থনীতিতে বাজার মনিটরিং জোরদার, বিদেশি বিনিয়োগ সহজীকরণ, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিতকরণ, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু এবং ইকোনমিক জোনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা খাতে পুনর্ভর্তি ফি বাতিল, লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালুর উদ্যোগ, বিদেশে উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা এবং ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু এবং ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নারী পরিচালিত ‘পিংক বাস’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, বিদ্যুৎ সাশ্রয় উদ্যোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা এবং পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু এবং বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ইন্টারনেট সুবিধা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন মাহদী আমিন।