পুলিশ, বাসায় চুরি, আইজিপি
আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়ি।   ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির খবর সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে পুলিশ। প্রকৃতপক্ষে, ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়া সার্ভিস লাইনের বৈদ্যুতিক তার চুরি হয়েছিল, যা পরে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

পুলিশ সদরদপ্তর জানায়, মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে আইজিপির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়, তা সঠিক নয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এমন তথ্য প্রচার করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাত ব্যক্তিরা সেই তার নিয়ে যায়।

ঘটনাটি জানার পর থানা পুলিশ অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।