ঈদুল ফিতর, কারা অধিদপ্তর
ঈদের দিন কারাগারে আটক বন্দিদের জন্য ভালো মানের খাবার পরিবেশন করা হবে।   ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ আয়োজন করতে যাচ্ছে কারা অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও দুই ঈদকে কেন্দ্র করে বন্দিদের জন্য উন্নতমানের খাবার, স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচির ব্যবস্থা রাখা হচ্ছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকাসহ দেশের মোট ৭৫টি কারাগারের মধ্যে ৭৩টিতে বর্তমানে বন্দি রয়েছে। হাজতি ও কয়েদি মিলিয়ে দেশের কারাগারগুলোতে প্রায় ৭৮ হাজার ৫০০ জন বন্দি অবস্থান করছেন।

শুক্রবার (২০ মার্চ) কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকালে নাস্তায় থাকবে পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে পরিবেশন করা হবে পোলাও, গরুর রেজালা (যারা গরু খান না এবং হিন্দু বন্দিদের জন্য খাসির রেজালা), সেদ্ধ ডিম, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ এবং পান-সুপারি। রাতে থাকবে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

তবে নির্ধারিত মেনুর বাইরে কারাগারগুলো সরকারি বরাদ্দের অর্থ থেকে প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তন বা অতিরিক্ত আইটেম যুক্ত করতে পারে। অনেক কারাগারে অতিরিক্ত হিসেবে কোমল পানীয়ও সরবরাহ করা হয়ে থাকে।

কারাগার সূত্রে জানা গেছে, ঈদের দিন বন্দিরা স্বজনদের রান্না করা খাবার খাওয়ার সুযোগ পাবেন। কারাগারেই অনুষ্ঠিত হবে ঈদের জামাত। পাশাপাশি বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনও রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে পাঁচ মিনিট ফোনে কথা বলার সুযোগও পাবেন তারা।

ঈদের দিন নামাজ শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বন্দিদের মধ্য থেকে শিল্পীরা গান পরিবেশন করবেন। এছাড়া ঈদের পরদিন বন্দিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ঈদের তিন দিনের মধ্যে একবার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগও পাবেন বন্দিরা।