স্বরাষ্ট্রমন্ত্রী, যানজট 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।   ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নেওয়া স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো আগামী এপ্রিলের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), দুই সিটি করপোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, বুয়েটের বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেগুলো পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে স্বল্পমেয়াদি যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ এপ্রিল মাসের শেষ নাগাদ স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে ঢাকার যানজট সমস্যার অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটবে।

ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে সিগন্যাল অটোমেশন কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে সাতটি সিগন্যাল মোড়ে এ ব্যবস্থা কার্যকর রয়েছে এবং শিগগিরই আরও ছয়টি গুরুত্বপূর্ণ মোড়ে এটি চালু করা হবে। পর্যায়ক্রমে ঢাকার প্রায় ১২০টি সিগন্যাল মোড়েই অটোমেশন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।