বিসিবি পরিচালকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ ডায়েরি, বিসিবি, আসিফ আকবর, গায়ক আসিফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড,
আসিফ আকবর।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে দুই কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঁইয়া রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরির তথ্যে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ৪ মার্চ আসিফ আকবরের অনুরোধে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হয়। ওই সময় ডা. কাজী মাজহারুল ইসলাম ও ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে তাকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এর একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক হিসাবে এবং বাকি অংশ নগদে দেওয়া হয়।

অভিযোগকারী সালাহউদ্দিন ভূঁইয়া জানান, লেনদেনের পর আসিফ আকবর ৩৯ লাখ টাকা ফেরত দিলেও বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করেননি। তিনি আরও বলেন, পাওনা টাকা ফেরতের জন্য বারবার যোগাযোগ করা হলেও আসিফ আকবর সময়ক্ষেপণ করেছেন।

নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আইনি পদক্ষেপ হিসেবে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। এ আবেদনে রমনা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ স্বাক্ষর করেছেন।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র রায় ও মোহাম্মদ রাহাত খানকে।

আরবিএ/আরটিএনএন