স্বাস্থ্যমন্ত্রী, সাংবাদিক
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।   ছবি: সংগৃহীত

দেশব্যাপী হামের সংক্রমণ প্রতিরোধে রোববার থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী দুই দিনের মধ্যে সারাদেশে ২১ লাখ ৯০ হাজার টিকা পৌঁছে দেওয়া হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী টিকাদান কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। তিনি আরও জানান, টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যেই দেশের সব এলাকায় পাঠানো হবে।

টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে হামের পরিস্থিতি মোকাবিলায় দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর ও প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে দেশের শিশুদের হামের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।