যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালক ও যাত্রী নিহত।
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালক ও যাত্রী নিহত।   ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় উল্টোপথে বেপরোয়া গতিতে চালিত একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশাচালকের নাম ফিরোজ আহমেদ (৫০) জানা গেছে। তবে যাত্রীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ১টায়।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা পান করছিলেন। তখন দেখেন, উল্টো পথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে চলছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রাকটি রিকশার উপর দিয়ে উঠে যায়। দ্রুত তারা ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন এবং ট্রাক চালককে আটক করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত চালক কদমতলির মুরাদপুর এলাকার বাসিন্দা। যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।