হাম সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানালেন রিজভী।
হাম সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানালেন রিজভী।   ছবি: আরটিএনএন

দেশে ক্রমবর্ধমান হাম সংক্রমণ রোধে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে অনেক শিশুর প্রাণহানি ঘটেছে। শিশুর কান্না পুরো দেশকে কাঁদায়। তাই এখনই হাম বা মিজেলস ইমার্জেন্সি ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কাজ করতে হবে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে স্বাস্থ্যখাত মারাত্মকভাবে অবহেলিত ছিল। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।

টিকা-বিরোধী প্রচারণারও সমালোচনা করে রিজভী বলেন, উন্নত দেশগুলোতেও অ্যান্টি-ভ্যাকসিন গ্রুপ রয়েছে। কিন্তু এসব বিভ্রান্তি সমাজে অন্ধকার ছড়িয়ে দেয়। আমাদের সবাইকে বিজ্ঞানের সঙ্গে থাকতে হবে, নইলে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, বিজ্ঞান ও গবেষণার জন্য রাষ্ট্রকে আরও বেশি বিনিয়োগ করতে হবে। আমাদের মেডিকেল রিসার্চ কাউন্সিল থাকলেও সেখানে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয় না। অথচ গবেষণার জন্য অকাতরে অর্থ দেওয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল— 'স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সব প্রাণ'।