হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, সারাদেশ, হাম, শিশুর মৃত্যু, মমেক, ময়মনসিংহ মেডিকেল কলেজ,
ময়মনসিংহ মেডিকেল কলেজের দৃশ্য।   ছবি: আরটিএনএন

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ জন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ২৮ মার্চ শেরপুরের নকলা উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী শিশুটিকে হাসপাতালে আনা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার কারণে শিশুটি মারা যায়।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ মার্চ থেকে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৭৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৮৯ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।’

তিনি জানান, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সর্বনিম্ন বয়স ৩ মাস এবং সর্বোচ্চ ১০ বছর। তবে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’