১১ দল, জামায়াত
জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে সংবাদ সম্মেলন হচ্ছে না।   ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন ১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং সাম্প্রতিক জাতীয় ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে ১১ দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আরটিএনএনকে বলেন, সংবাদ সম্মেলনের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। অনিবার্য কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত সাংবাদিকদের এক আমন্ত্রণপত্র পাঠায়। সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

রাজনৈতিক অঙ্গনে এই সংবাদ সম্মেলন ঘিরে আগ্রহ থাকলেও, স্থগিতের ঘোষণায় সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এমকে/আরটিএনএন