নুরুল ইসলাম সাদ্দাম
শাকসু নির্বাচন যথাসময়ে বাস্তবায়নের দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্রশিবির।   ছবি : ছাত্রশিবির

দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিলো ইসলামী ছাত্রশিবিরি। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন যথাসময়ে বাস্তবায়নের দাবিতে আজ (সোমবার) সকাল সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন আয়োজন করে ইসলামী ছাত্রশিবির।

ছাত্রদলকে ইঙ্গিত করে শিবির সভাপতি বলেন- ‘ডাকসুসহ সবগুলো ছাত্র সংসদে পরাজিত একটি ছাত্রসংগঠন শাকসু নির্বাচনেও ভরাডুবির আশঙ্কায় রয়েছে। তাই নির্বাচন বানচালে নানমুখী চক্রান্ত করছে তারা।’

ছাত্রদের অধিকার আদায়ের প্লাটফর্ম এই ছাত্র সংসদ নির্বাচন যাতে কোনো মতেই বিঘ্নিত না হয়, সেটা নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে কারো প্ররোচনায় বা চাপে নির্বাচন বাতিল করা হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতারা।