প্রচারণায় আমিনুল হক
মিরপুর এলাকায় নির্বাচনী গণসংযোগে বিএনপির আমিনুল হক।   ছবি : আরটিএনএন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আজ (বৃহস্পতিবার) সকালে মিরপুর ১০ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করেন এ ধানের শীষের প্রার্থী।

​নির্বাচনী প্রচারণা শুরুর আগে আমিনুল হক মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে যান। সেখানে তিনি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগে নামেন। এসময় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

​গণসংযোগকালে আমিনুল হক এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার লিফলেট তুলে দেন। এ সময় তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি মাঠে নেমেছেন এবং ধানের শীষের জয় নিশ্চিত করতে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন।

​গণসংযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রচারণাকালে ধানের শীষের সমর্থনে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।