রিজভী, বিএনপি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।   ছবি: আরটিএনএন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আশঙ্কা প্রকাশ করেছেন, নতুন কৌশল ও ভিন্ন রূপে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে আর কোনো স্বৈরতান্ত্রিক শক্তি নতুন অবয়বে ফিরে আসতে না পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন রিজভী।

রিজভী বলেন, ‘আর যেন কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। নতুনভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কেউ যেন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’ 

তিনি দাবি করেন, গত ১৬–১৭ বছরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। ভোটের দিন যে উৎসবমুখর পরিবেশ থাকা উচিত, তা ধ্বংস করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ভোটকেন্দ্র দখল ও ভয়ভীতির কারণে জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ হয়নি। রিজভী সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, রাজনৈতিক নিপীড়নের সময় সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে বিভিন্ন ঘটনা প্রকাশ করেছেন, যার ফলে বহু নেতাকর্মীর জীবন রক্ষা পেয়েছে।

রিজভী বলেন, সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে অসভ্য ও উগ্র আচরণ বেড়েছে, যা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হতে পারে। তিনি সতর্ক করে বলেন, ধর্মকে ব্যবহার করে যদি কোনো শক্তি স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, তবে তা আরও ভয়াবহ হবে।

বিএনপির এই নেতা বলেন, ভোটাধিকার নিশ্চিত হলে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং গণতন্ত্রকামী শক্তির প্রতিফলন ঘটবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসলাম জবিউল্লাহ, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন প্রমুখ।