ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী জনসভায় তারেক রহমান 
ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ধানের শীষ প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তারেক রহমান।   ছবি: সংগৃহীত

গত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে। দেশকে তছসছ করে দিয়েছে। এবারের নির্বাচন তাই দেশকে পুনর্গঠনের নির্বাচন। বিএনপি ক্ষমতায় গেলে দেশ গঠনে মন দেবে। এসব বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান । আজ শবিবার ঠাকুরগাঁওয়ে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বেলা পৌনে ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভার মঞ্চে ওঠেন তিনি। মাঠ প্রাঙ্গণে আসতেই হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে দলের নেতাকে অভিবাদন জানায়। হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখা তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া বলতেন বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম এবং শেষ ঠিকানা। এজন্য আমরা জনগণের সামনে দাঁড়িয়েছি। জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই।  

তারেক রহমান বলেন, নারীকে কাজের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না। খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমরা নারীদের স্বাবলম্বী করতে চাই। প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।
 
তিনি বলেন, কৃষকদের কাছে কৃষি কার্ড পৌঁছাতে চাই। এর মাধ্যমে সহজে ঋণ নেওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষঋণ মওকুফ করতে চাই। এনজিও থেকে ক্ষুদ্র ঋণ যেসব নেওয়া হয়েছে, সেসব সরকারের হয়ে জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই। 
 
তারেক রহমান বলেন, এই এলাকা কৃষনির্ভর। কৃষকদের পাশে যেমন দাঁড়াব তেমনভাবে এই এলাকায় কৃষিনির্ভর শিল্প বিকশিত করব, যাতে কর্মসংস্থান হয়। বহু যুবক আছে যারা বেকার। যুবকদের ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক করতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি। মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা লাগবে।  
 
তিনি জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চিনিকল, তাঁতশিল্প গড়ে তুলতে চাই। ক্যাডেট কলেজ করার দাবি আছে, সেই চেষ্টাও করা হবে। সমগ্র এলাকায় হিমাগার করে দিতে চাই। ওই এলাকায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, আমাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী ১২ তারিখের নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব।

তারেক রহমান বলেন, নির্বাচনি জনসভায় এক দল আরেক দলের বিপক্ষে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। জনগণ জানতে চায় আমরা মানুষের জন্য কী করব। এজন্য আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক পয়গাম আলী।

এ সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ, পঞ্চগড়-১ আসনে নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, পঞ্চগড়-৩ আসনে মনজুরুল ইসলামের হাতে ধানের শীষ প্ররতীক তুলে দেন তারেক রহমান।

ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান বিএনপি’র চেয়ারম্যান । পরে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে যান। দুপরে নীলফামারীর বড় মাঠে ও বিকালে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

এমআর/আরটিএনএন