নারী দিবস, জামায়াত
জামায়াতের মহিলা বিভাগ।   ফাইল ছবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব যখন তার জন্য ঘরে ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। 

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত না করে ক্ষমতায়নের কথা বলা বাস্তবতার সঙ্গে মিলছে না।

তিনি বলেন, ৮ মার্চ পালিত আন্তর্জাতিক নারী দিবস নারীর মর্যাদা, অধিকার ও মানবিক সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। এই প্রতিপাদ্য শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, সমাজ, পরিবার ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীল ব্যক্তির সচেতন ও কার্যকর ভূমিকা ছাড়া নারী নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি প্রত্যয় ব্যক্ত করেন, আসুন আমরা এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে নারী নিরাপদ, সম্মানিত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে তাদের পূর্ণ মেধা ও যোগ্যতা ব্যবহার করতে পারে।