এবি পার্টি
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।   ছবি: আরটিএনএন

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের পর তা প্রত্যাহার করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় ‘ভুল বোঝাবুঝি’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (৪ এপ্রিল) ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ফেনী জেলা এবি পার্টির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী ফেনীতে যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সব রাজনৈতিক দল যে দাবিতে একমত, সেই মেডিকেল কলেজ বাস্তবায়ন না হলে তা হবে ফেনীর মানুষের অধিকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

তিনি আরও বলেন, অনেকে মনে করেন মেডিকেল কলেজ স্থাপনে বড় জায়গা প্রয়োজন। তবে ফেনী সদর হাসপাতালের বিদ্যমান জায়গা দিয়েই ৫০০ শয্যায় উন্নীত করে ধাপে ধাপে মেডিকেল কলেজে রূপান্তর করা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার। সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদলসহ জেলা ও স্থানীয় নেতারা।

সমাবেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় অব্যবস্থাপনার সমালোচনা করা হয়।

মঞ্জু বলেন, অসুস্থ মানুষের পাশে থাকার পরিবর্তে সরকারি দলের নেতারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। জ্বালানি সংকট নিয়েও তিনি বলেন, সরকার একদিকে সংকট নেই বলছে, অন্যদিকে রেশনিংসহ নানা পদক্ষেপে জনমনে উদ্বেগ তৈরি করছে।

প্রকৌশলী শাহ আলম বাদল স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ফেনীর মানুষ চিকিৎসার জন্য অন্য জেলায় যাবে না। বরং পার্শ্ববর্তী জেলার মানুষই ফেনীমুখী। তিনি দ্রুত ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজে রূপান্তরের দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।