অভিষেক শর্মা ভালো ব্যাটসম্যান নন: আমির
অভিষেক শর্মা ভালো ব্যাটসম্যান নন: আমির   ছবি: আরটিএনএন

টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ (১৫ ফেব্রুয়ারি) দুই দলের মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচের আগে আগুনে ঘি ঢেলে দিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তাঁর তীরের লক্ষ্য ভারতের বর্তমান টি-টুয়েন্টি সেনসেশন অভিষেক শর্মা। তিনি বলেন, ‘অভিষেক একজন স্লগার, ভালো ব্যাটসম্যান না।’

টি-টুয়েন্টি ছাড়া এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনো সংস্করণে খেলেননি অভিষেক। তবে শুধু টি-টোয়েন্টি সংস্করণে খেলেই নাম কামিয়েছেন ঢের, হয়ে উঠেছেন বোলারদের আতঙ্ক। তাঁর ব্যাটিং পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। ৩৮ ইনিংসে ১,২৯৭ রান করেছেন ১৯৪.৪৫ স্ট্রাইক রেটে।

পাকিস্তানের বিপক্ষেও তাঁর রেকর্ড দুর্দান্ত। গত বছর এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, ১১০ রান করেছেন ১৮৯.৫৬ স্ট্রাইক রেটে। এর মধ্যে দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে অভিষেকের ৩৯ বলে ৭৪ রানের ইনিংসটা মনে হয় খুব সহজে ভুলতে পারবেন না পাকিস্তানি বোলাররা।

খুব স্বাভাবিকভাবেই আগামীকালের ম্যাচের আগেও তাঁকে নিয়ে অনেক কথা হচ্ছে। ক্রিকেট নিয়ে পাকিস্তানের জনপ্রিয় টক শো ‘হার না–মানা হ্যায়’-তে অভিষেককে নিয়ে কথা বলতে গিয়ে আমির যেন এক বাউন্সার ছুড়লেন তার দিকে। ২৫ বছর বয়সী অভিষেকের টেকনিক নিয়ে প্রশ্ন তুলে আমির বলেছেন, ‘আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে ওকে আমার স্রেফ একজন স্লগার মনে হয়েছে। আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর চায় সব বল যেন ওর পছন্দের জোনে পড়ে। যখন দেখব একটু মুভমেন্ট বা সুইং থাকা বল সে দারুণভাবে সামলাচ্ছে, কেবল তখনই আমি ওকে প্রকৃত ব্যাটসম্যান হিসেবে মানব।’

এখানেই থেমে থাকেননি আমির। পাকিস্তানি বোলারদের জন্য অভিষেককে আউট করার একটা নীল নকশাও দিয়েছেন তিনি। তাঁর মতে, অভিষেককে আউট করার সেরা উপায় হলো শরীর লক্ষ্য করে বল করা আর স্লোয়ারের ব্যবহার।

মাঠের বাইরের এই কথার লড়াই যখন চলছে, তখন অভিষেক শর্মা লড়ছেন নিজের শরীরের সঙ্গে। গত ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে কিছু একটা খাওয়ার পর থেকে পেটের সংক্রমণে ভুগছেন। দিল্লির আবহাওয়া আর তীব্র জ্বর তাঁর শারীরিক অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। এর মধ্যেই দুই কেজি ওজন হারিয়ে ফেলেছেন। সতীর্থ অর্শদীপ সিংয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, বেশ রোগা হয়ে গেছেন অভিষেক। তবে তাঁর মাঠে ফেরা নিয়ে ভারতীয় ড্রেসিংরুম থেকে দুই ধরনের বার্তা মিলছে। নামিবিয়া ম্যাচের টসের সময় অধিনায়ক সূর্যকুমার যাদব কিছুটা দুশ্চিন্তার সুরেই বলেছিলেন, ‘অভিষেক এখনো পুরোপুরি ফিট নয়। ওর সেরে উঠতে হয়তো আরও এক-দুই ম্যাচ সময় লাগতে পারে।’

তবে তাঁর আরেক সতীর্থ বরুণ চক্রবর্তী দিল্লির সেই ম্যাচ জয়ের পর বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে মনে হলো ও ভালো আছে। সে আজ অনুশীলনও করেছে এবং আমাকে জানিয়েছে যে সে ফেরার পথে।’ সর্বশেষ খবর হচ্ছে, অভিষেক বর্তমানে দলের সঙ্গে কলম্বোতেই আছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে তাঁকে একটি চূড়ান্ত স্ট্যামিনা ও ফিটনেস টেস্ট দিতে হবে।

আরবিএ/আরটিএনএন