ইংল্যান্ড, ক্রিকেট, টি টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ইংল্যান্ড   ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ইংল্যান্ড। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত 'বি' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে লজ্জাজনকভাবে হেরেছে লঙ্কানরা। লো স্কোরিং এই ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫১ রানে পরাজিত হয়েছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ১৬.৪ ওভারে ৯৫ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন ওপেনার ফিল সল্ট। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান আসে তার ব্যাট থেকে। ৪০ বলের এই বিধ্বংসী ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। এ ছাড়া ১৪ বলে ২১ রান করেন উইল জ্যাকস, যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। তবে অন্য কোনো ব্যাটার উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হন।

শ্রীলঙ্কার বোলাররা অবশ্য নিজেদের কাজটা ঠিকঠাকই করেছিলেন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে আলো ছড়ান দুনিথ ভেল্লালাগে। দিলশান মাদুশাঙ্কা ও মাহিশ থিকসানা প্রত্যেকে দুটি করে উইকেট নেন। তবে বোলারদের এই প্রচেষ্টা ম্লান হয়ে যায় লঙ্কান ব্যাটারদের ব্যর্থতায়। ইংলিশ বোলিং তোপে কেউই ক্রিজে থিতু হতে পারেননি। অধিনায়ক দাসুন শানাকার ২৪ বলে ৩০ রান ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। দলের সাতজন ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন, যা শেষ পর্যন্ত তাদের হারের মুখে ঠেলে দেয়। বল হাতেও ইংল্যান্ডের হয়ে চমক দেখান উইল জ্যাকস। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া জোফরা আর্চার, লিয়াম ডসন ও আদিল রশিদ প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন।