ফুটবল, খেলা, লা-লিগা, লা লিগা, রিয়াল, হেতাফ, রিয়াল মাদ্রিদ,
রিয়ালকে ভাসিয়ে উড়ছে হেতাফ।   ছবি: সংগৃহীত

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগায় হেতাফের কাছে ১–০ গোলে হেরে শিরোপা–লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। এর আগে শনিবার ভিয়ারিয়ালকে ৪–১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান চার পর্যন্ত বাড়িয়ে নিয়েছিল বার্সেলোনা।

হেতাফের বিপক্ষে জয় পেলে সেই ব্যবধান আবার এক পয়েন্টে নামিয়ে আনার সুযোগ ছিল রিয়ালের সামনে। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় মাদ্রিদের ক্লাবটি। ফলে শিরোপা–দৌড়ে তাদের অবস্থান এখন বেশ চাপে।

লা লিগায় ২৬ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। এটি লিগে রিয়ালের টানা দ্বিতীয় পরাজয়। এর আগে ওসাসুনার বিপক্ষেও ২–১ গোলে হেরেছিল তারা। ২০২০ সালের পর এই প্রথম লিগে টানা দুই ম্যাচে হার দেখল রিয়াল। অন্যদিকে ২০০৮ সালের পর বার্নাব্যুতে এটি হেতাফের প্রথম জয়।

দলের গুরুত্বপূর্ণ সময়েই চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলতে হচ্ছে রিয়ালকে। হাঁটুর চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন এই ফরাসি তারকা। তাঁকে ছাড়া সর্বশেষ দুই ম্যাচেই পরাজিত হয়েছে রিয়াল, যা দলকে আরও চাপে ফেলেছে।

এদিন রিয়ালকে হতাশায় ডুবিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন হেতাফের উরুগুয়েন ফরোয়ার্ড মার্তিন সাত্রিয়ানো। ৩৯ মিনিটে রিয়ালের রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই গোলই গড়ে দেয় ব্যবধান।

হারের সঙ্গে লাল কার্ডের দুঃসংবাদও পেতে হয়েছে রিয়ালকে। যোগ করা সময়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। পুরো ম্যাচে রিয়ালের খেলায় স্পষ্ট পরিকল্পনার ঘাটতি ছিল, বরং লড়াইয়ে এগিয়ে ছিল হেতাফেই।

ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘আমরা আরও ভালো খেলতে পারতাম। ছেলেরা চেষ্টা করেছে, সুযোগও তৈরি করেছি। কিন্তু ফল আমাদের পক্ষে আসেনি।’

আগামী শুক্রবার লিগে সেল্তা ভিগোর মাঠে খেলবে রিয়াল। এরপর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোয় এমবাপ্পেকে পাওয়া যাবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে হাল ছাড়ার পাত্র নন আরবেলোয়া, ‘এটা রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত আমরা লড়ব। চার পয়েন্টের ব্যবধান ঘোচানো অসম্ভব নয়।’