গাইবান্ধা, বিক্ষোভ
গাইবান্ধায় মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করেছেন।   ছবি: আরটিএনএন

গাইবান্ধায় টানা তিনদিন তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন মোটরসাইকেল চালকরা। এ অবস্থায় প্রায় ৫ শতাধিক চালক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলার গুরুত্বপূর্ণ সড়কে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে করে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, রহমান অ্যান্ড পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ‘ইঞ্জিন নষ্ট’ থাকার অজুহাত দেখিয়ে মোটরসাইকেল চালকদের তেল সরবরাহ বন্ধ রেখেছে। তবে একই সময়ে অন্য যানবাহনে তেল দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তারা।

চালকরা জানান, সোমবার (৩০ মার্চ) রাত থেকেই তারা পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিতে শুরু করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে তারা বাধ্য হয়ে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে নামেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে কথা বলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।