অটোরিকশা উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে টুলি বেগম সংগ্রামী জীবনের স্বীকৃতি হিসেবে একটি অটোরিকশা উপহার।   ছবি: আরটিএনএন

রাজশাহীর মালপাড়া গ্রামের বাসিন্দা টুলি বেগম সংগ্রামী জীবনের স্বীকৃতি হিসেবে একটি অটোরিকশা উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছ থেকে।

পরিবারের অসহযোগিতার কারণে জীবিকার তাগিদে নিজেই অটোরিকশা চালিয়ে জীবনযাপন করছিলেন টুলি বেগম। এতদিন তিনি ভাড়ায় অটোরিকশা চালালেও এখন থেকে নিজের অটোরিকশা চালাতে পারবেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার (৩ এপ্রিল) টুলি বেগমের বাড়িতে যান আশরাফ উদ্দিন বকুল ও মাহফুজুর রহমান রিটনসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টুলি বেগমকে একটি নতুন ব্যাটারিচালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপহার পেয়ে টুলি বেগম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তাঁর জন্য দোয়া করি।’

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল বলেন, টুলি বেগমের কষ্টের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত সহযোগিতার নির্দেশ দেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কোনো অসহায় মানুষের খবর পেলেই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সহায়তার নির্দেশ দেন। সেই নির্দেশেই টুলি বেগমের পাশে দাঁড়ানো হয়েছে।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।