মেহেরপুরের গাংনী বাজারের  এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুরের গাংনী বাজারে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   ছবি: আরটিএনএন

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করার অপরাধে মেহেরপুরের গাংনী বাজারের বজলু মিয়া নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত প্রায় ২০০০ লিটার ডিজেল কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এ অভিযান পরিচালনা করেন।

মেহেরপুরের জাকির ট্রেডার্স থেকে ১১৫ টাকা লিটার দামে ডিজেল কিনেছিলেন বলে দাবি করেন বজলু মিয়া। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে গাংনীর কুষ্টিয়া সড়কের বজলু ট্রেডার্সে প্রতি লিটার ডিজেল ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছিল। বজলু মিয়া বিপিসির এজেন্ট হিসেবে তেল বিক্রি করেন। কিন্তু সরকারি মূল্যের বেশি দামে তেল বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় এবং তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, প্রতি লিটার ডিজেলের সরকারি দর ১০১ টাকা। এই দরে উপস্থিত কৃষকদের মাঝে ২০০০ লিটার তেল বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে তাকে হুঁশিয়ার করা হয়েছে।