রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের উদ্বোধন, সারাদেশ, তেল, জ্বালানি, ফুয়েল ম্যানেজমেন্ট এ্যাপ, রাজশাহী, আরটিএনএন,
ফুয়েল ম্যানেজমেন্ট এ্যাপ উদ্বোধনের দৃশ্য।   ছবি: আরটিএনএন

গ্রাহক হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে নগরীর কুমারপাড়ায় অবস্থিত গুলগফুর ফিলিং স্টেশনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

প্রশাসন সূত্রে জানা যায়, নতুন এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এর আওতায় একজন মোটরসাইকেল চালক পাঁচ দিনে একবার সর্বোচ্চ ৫০০ টাকার এবং মাইক্রোবাস বা প্রাইভেট কার চালক ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা অ্যাপের মাধ্যমে সরাসরি যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা নিতে গ্রাহকদের আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। এছাড়া কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের এমন যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ গ্রাহকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকরা যেন দীর্ঘ লাইনের ভোগান্তি এড়িয়ে স্বাচ্ছন্দ্যে তেল নিতে পারেন এবং কেউ যেন অবৈধ উপায়ে তেল মজুত করতে না পারেন, সে লক্ষ্যেই এই অ্যাপটি চালু করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেকোনো পেট্রোল পাম্প থেকে একবার তেল নেওয়ার পর পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে কোনো গ্রাহক আর তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যাবে।’ এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের এই নিয়ম মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।