হালুয়াঘাটে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন, সারাদেশ, কৃষক হত্যা মামলা, আরটিএনএন,
সাজা প্রাপ্ত ব্যাক্তিরা।   ছবি: আরটিএনএন

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলী। রায়ে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর ২০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে শুক্কুর আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দা, ফালা ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায়।

খবর পেয়ে নুরুন্নাহারসহ পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে আসামিরা তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে নুরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হাবিবুর রহমান ও খলিলুর রহমান গুরুতর আহত হন। এ সময় বাড়িঘর ভাঙচুর এবং নগদ অর্থ লুটের ঘটনাও ঘটে।

পরে আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নাহারের মামা হাবিবুর রহমান মারা যান।

এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে হাবিবুর রহমানের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত রোববার এ রায় দেন।