হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, সারাদেশ, হাম, শিশুর মৃত্যু, ময়মনসিংহ মেডিকেল কলেজ, মমেক, আরটিএনএন,
হামের উপসর্গ নিয়ে আরো ২টি শিশুর মৃত্যু হয়েছে।   ছবি: আরটিএনএন

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯ ও ১০ মাস বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ১২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৩ শিশু।

রোববার (১২ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২২ মার্চ ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। রোববার (১২ এপ্রিল) রাতে হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় শিশুটি মারা যায়।

অন্যদিকে, ময়মনসিংহের গৌরীপুর থেকে হামের লক্ষণ নিয়ে ১০ মাস বয়সী আরেক শিশুকে ১১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। এই শিশুটিও হাম-পরবর্তী নিউমোনিয়া ও শ্বাসপ্রশ্বাসজনিত ব্যর্থতায় মারা যায়।

তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৯৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩১২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং ১২ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে আরও ২৮ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৩ শিশু। সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী রোগী ভর্তি রয়েছে, তবে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সব রোগীকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।