ইসলামী বিশ্ববিদ্যালয়
আব্দুল মঈদ বাবুল এবং তোজাম্মেল হক তোজাম।   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির ২০২৬–২৭ কার্যকালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আব্দুল মঈদ বাবুল এবং সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হক তোজাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১০.৩০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চুর অনুমতিতে সহকারী নির্বাচন কমিশনার ইসরাফুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ২৮৫ ভোট পেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল এবং সাধারণ সম্পাদক পদে ৩২৬ ভোট পেয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ বাবুল–তোজাম পরিষদ) ১৫টি পদের মধ্যে ১৪টিতে জয়লাভ করেছে। একমাত্র সদস্য পদে বিজয়ী হয়েছেন রিপু–লতিফ পরিষদের প্রার্থী।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেডিক্যাল সেন্টারের উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম এবং এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান। যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রেজারার অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম।

প্রচার ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন। সাংস্কৃতিক, সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পাবেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক। মহিলা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব নেবেন অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের উপ-রেজিস্ট্রার আবু জাফর আদম, অর্থ ও হিসাব বিভাগের উপ-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, প্রক্টর অফিসের সহকারী রেজিস্ট্রার সাইদুর রহমান, এস্টেট অফিসের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম এবং পরিবহন অফিসের শাখা কর্মকর্তা জাকির হোসেন জাকির (রিপু–লতিফ প্যানেল থেকে)।

নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল বলেন, ‘আমাদের লক্ষ্য হবে কর্মকর্তা সমিতিকে সবার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা এবং কর্মকর্তাদের চাকরির মেয়াদ ৬২ বছর নিশ্চিত করা।’

সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, ‘এই জয় সাধারণ কর্মকর্তাদের জয়। আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করবো।’

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে—সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ এবং রিপু–লতিফ পরিষদ। মোট ভোটার সংখ্যা ছিল ৪৮৩ জন।