ইবির আইসিটি বিভাগের নতুন সভাপতি নিয়োগ, শিক্ষা, ইবি, ইসলামি বিশ্ববিদ্যালয়, আইসিটি, সভাপতি, ড. তারেক হাসান আল মাহমুদ,
নবনিযুক্ত ইবি আইসিটি সভাপতি ড. তারেক হাসান আল মাহমুদ।   ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ। আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শিপন মিয়া অর্জিত ছুটি ভোগ শেষে কর্মস্থলে যোগদান না করায় তাকে বিভাগের সভাপতির দায়িত্ব থেকে ২৮/০৩/২০২৬ তারিখ হতে অব্যাহতি দেওয়া হলো। বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী ২৮/০৩/২০২৬ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ বলেন, ‘বিভাগীয় সভাপতির পদটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের বিভাগের সার্বিক উন্নয়ন সাধনে। সবাইকে সঙ্গে নিয়ে বিভাগকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। বিভাগের একাডেমিক, সহশিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সব ক্ষেত্রে উন্নয়ন সাধনে কাজ করব। এজন্য সবার সহযোগিতা কামনা করছি। আমরা সবাই মিলে বিভাগকে বিশ্ববিদ্যালয়ের সবার সামনে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতে চাই, ইনশাআল্লাহ।’