তাহসান জানালেন এই সময়ে বই-ই তার সবচেয়ে বড় সঙ্গী।’
তাহসান জানালেন এই সময়ে বই-ই তার সবচেয়ে বড় সঙ্গী।’   ছবি: সংগৃহীত

দ্বিতীয় সংসার ভেঙে গেল জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের বছর ঘুরতেই এই বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকে ভক্ত-অনুরাগীদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা চলছে।

তাহসান জানান, গেল বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর তিনি ফেসবুক এবং নতুন গান থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। এই তারকা ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে আগ্রহী নন ।  

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব। তবে এখন নয়।’ বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন সবাইকে। 

তাহসান আরো বলেন, দীর্ঘদিন ধরেই শারীরিক ও  মানসিক অবস্থাও খুব একটা ভালো নেই তার। তিনি আরো জানান, এখন ঘুরে আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।’  তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।’

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাহসান রোজা আহমেদকে বিয়ে করেছিলেন। রোজা পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। বিয়ের পর সব ঠিক থাকলেও কয়েক মাসের মাথায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তাহসান জানান, তারা  গেল বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন। 

প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে দুজনকে একসঙ্গে না দেখায় সামাজিক মাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তাহসান বলেন, অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।

এমআর/আরটিএনএন