রঙে ভেজা গায়েহলুদের মুহূর্ত, বিয়ের নতুন ছবি প্রকাশ করলেন রাশমিকা।
রঙে ভেজা গায়েহলুদের মুহূর্ত, বিয়ের নতুন ছবি প্রকাশ করলেন রাশমিকা।   ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের কিছুদিন পর সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে গায়েহলুদের অনুষ্ঠানের নতুন কিছু ছবি প্রকাশ করেছেন রাশমিকা। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়েছে।

ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী জানান, তাঁদের গায়েহলুদের অনুষ্ঠানটি ছিল একটু ভিন্নধর্মী। কারণ, সেদিনের আয়োজনের সঙ্গে মিশে ছিল রঙের উৎসব হোলি এর আবহও। ফলে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল রঙ, হাসি আর আনন্দের উচ্ছ্বাস।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় রাশমিকা লিখেছেন, দিনটি যেন গায়েহলুদ ও হোলি দুটোরই একসঙ্গে উদযাপন। সবাই এতটাই রঙে ভিজে গিয়েছিলেন যে এখনো তাঁর চুলে লাল রঙের আভা রয়ে গেছে।

গায়েহলুদের বিভিন্ন মজার খেলায় অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। মজা করে জানান, সেদিনের প্রায় সব খেলাতেই তিনি জয়ী হয়েছিলেন। আর সেই জয়ের কৃতিত্ব দিয়েছেন তাঁর ‘কনের দল’কে যার সদস্যদের মধ্যে ছিলেন তাঁর স্বামী বিজয়ও।

বিয়ের আয়োজন নিয়ে রাশমিকা কৃতজ্ঞতা জানিয়েছেন রাজস্থানের উদয়পুরে অবস্থিত বিলাসবহুল রিসোর্ট মেমেন্টোস বাই আইটিসি হোটেলস-কে। তাঁর ভাষায়, সেখানকার পরিবেশ, সেবা, খাবার ও পুরো আয়োজন ছিল অসাধারণ, যা তাঁদের বিয়ের মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলেছে।

পোশাকের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন খ্যাতিমান ভারতীয় ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না-কে। রাশমিকার মতে, তাঁদের বিয়ের পোশাক নিয়ে যে স্বপ্ন ছিল, সেটিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিজাইনার।

পোস্টের শেষদিকে ভবিষ্যৎ জীবন নিয়ে আবেগঘন বার্তাও দেন অভিনেত্রী। তিনি লিখেছেন, একসঙ্গে তাঁদের পথচলা মাত্র শুরু হয়েছে এবং সামনে আরও অনেক সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে।

রাশমিকার এই পোস্ট প্রকাশের পর ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। অনেকেই বিয়ের রঙিন মুহূর্তগুলোর প্রশংসা করেছেন এবং তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।