প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে বিশেষ পর্ব ‘ইত্যাদি’ নিয়ে দর্শকদের সামনে আসছেন জনপ্রিয় নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। দীর্ঘদিন ধরে ঈদ উপলক্ষে এই অনুষ্ঠানটি দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় আয়োজন হিসেবে বিবেচিত হয়ে আসছে।
১৯৯৯ সালে প্রথমবারের মতো ঈদের ‘ইত্যাদি’ রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের উন্মুক্ত প্রাঙ্গণে ধারণ করা হয়। পরবর্তীতে মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। এবারের বিশেষ পর্বটি নির্মিত হয়েছে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে তৈরি করা দৃষ্টিনন্দন মঞ্চে।
বরাবরের মতো অনুষ্ঠানটির শুরু হয়েছে বহুল পরিচিত গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ পরিবেশনের মাধ্যমে। তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে গানটি পরিবেশিত হয়ে আসছে। এবার এই গানে অংশ নিয়েছেন আশ্রয়হীন বৃদ্ধ-বৃদ্ধা ও এতিম শিশুরা। তাঁদের সঙ্গে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ একটি দেশাত্মবোধক গান। এতে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে গান গেয়েছেন মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর করেছেন আলী আকবর রুপু এবং সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। নৃত্য নির্দেশনায় ছিলেন এস কে জাহিদ।
বিশেষ এই পর্বে ভিন্নধর্মী একটি গান পরিবেশন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন এস এ হক অলিক এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব নিজেই।
অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ দুই ভিন্ন অঙ্গনের দুই তারকার দ্বৈত সংগীত। এতে কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী ও সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানের মাধ্যমে গায়িকা হিসেবে বুবলীর নতুন যাত্রা শুরু হচ্ছে। গানটির কথা লিখেছেন কবির বকুল।
এবারের নৃত্য পরিবেশনাতেও রয়েছে বর্ণাঢ্য আয়োজন। এতে অংশ নিয়েছেন অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। নৃত্য নির্দেশনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ।
ঈদের ‘ইত্যাদি’র জনপ্রিয় অংশ সুর-নাট্যেও রাখা হয়েছে নতুনত্ব। ঈদের কেনাকাটা ও সামাজিক নানা বাস্তবতা নিয়ে সুর-নাট্যে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। অন্য একটি সুর-নাট্যে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী।
দর্শক পর্বেও থাকছে বিশেষ চমক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তিনি দর্শকদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনের সঙ্গে তাৎক্ষণিক অভিনয়ে অংশ নেবেন।
অনুষ্ঠানের শিল্প নির্দেশনায় রয়েছেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতা করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!