বিশাল দাদলানি,বয়কট,ভিডিও ভাইরাল
পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ভিডিও ভাইরাল, বিশালকে বয়কটের ডাক।   ছবি: সংগৃহীত

জনপ্রিয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক এবং সংগীত পরিচালক বিশাল দাদলানি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। লন্ডনে এক পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে তাঁর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের একাংশ তাকে বয়কটের ডাক দিয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিশাল দাদলানি পাকিস্তানি সাংবাদিক সাফিনা খানের সঙ্গে সহজভাবে কথা বলছেন। এই আলাপচারিতা প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেক ভারতীয় নাগরিক এই ঘনিষ্ঠতা মেনে নিতে পারছেন না, বিশেষত যখন সাফিনা খানকে ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে অনেকেই অভিযোগ করেছেন, বিশাল দাদলানি ভারতের সার্বভৌমত্বকে অসম্মান করেছেন। কেউ কেউ তাকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন।

অনেক দর্শক সনি টিভিকে হুঁশিয়ারি দিয়েছেন, যদি বিশালকে বিচারকের আসন থেকে সরানো না হয়, তবে তারা শোটি দেখা বন্ধ করে দেবেন। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত বিশাল দাদলানি বা সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ভারত এবং পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক এবং ইতিহাসের পটভূমিতে এই ঘটনা সাধারণ মানুষের আবেগকে তীব্রভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে সাফিনা খানের বিতর্কিত রাজনৈতিক অবস্থানের কারণে বিষয়টি আরও আলোচিত হয়ে উঠেছে।

সূত্র: মিড-ডে

সিমু/আরটিএনএন