আন্তার্জাতিক, ইরান, আমেরিকা, যুদ্ধ, যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী,
ডেনাল্ড ট্রাম্প।   ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি রক্ষার জন্য মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর এই প্রস্তাবের প্রতি ইইউ সদস্যরা উন্মুক্ত যুদ্ধ এড়িয়ে গিয়ে রাজনৈতিক সমাধানের পক্ষে দাঁড়িয়েছেন।

সোমবার (১৬ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্রের নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইইউ সদরদপ্তরে বৈঠক করেন। বৈঠকের পর ইইউ’র পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান কাজা কাল্লাস সাংবাদিকদের বলেন, “ইউরোপ উন্মুক্ত যুদ্ধের পথে নেই এবং কোনো সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সক্রিয় সামরিক পদক্ষেপ নিতে চায় না।”

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি একই প্রতিধ্বনি জানিয়েছেন। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ইতিমধ্যেই বিভিন্ন সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা এবং জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করছে। এই দায়িত্ব ছেড়ে হরমুজ প্রণালিতে আসা এখন সম্ভব নয়।”

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিশ মের্ৎস স্পষ্ট করে বলেন, “আমরা হরমুজ প্রণালিতে সেনা পাঠাতে চাই না। আমরা চাই এই সংকট রাজনৈতিকভাবে সমাধান হোক।”

হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট। দৈনিক বিশ্ব তেলের চলাচলের প্রায় ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। তাই এ রুটকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরান এই জলপথে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে। ব্রিটেনের তথ্য অনুযায়ী, গত ১৫ দিনে ইরানি হামলার শিকার হয়েছে ১২টিরও বেশি আন্তর্জাতিক ট্যাংকার।

মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা দিতে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প ১৫ মার্চ, কিন্তু ইইউ নেতারা সেটি প্রত্যাখ্যান করেছেন।

আরবিএ/আরটিএনএন