রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। শেখ হাসিনার পতনের দিন গত বছরের ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এ হত্যাকাণ্ড ঘটে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায়ের দিক থেকে দ্বিতীয়। এ মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন, বাকি চারজন পলাতক।
গ্রেপ্তার আসামিরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
পলাতক আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত বছরের ২৪ ডিসেম্বর রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের পুরো কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন। ২৩ কার্যদিবসে তাঁদের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। সাফাই সাক্ষী হিসেবে আরশাদ হোসেনসহ তিনজনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর যুক্তিতর্ক শুরু হয়।
জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ মামলায় সাক্ষ্য দেন। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত বছরের ১১ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। পরে একে একে নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাঁরা সবাই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
যুক্তিতর্কে প্রসিকিউশন সব আসামির সর্বোচ্চ সাজা দাবি করলেও আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে তাঁদের বেকসুর খালাস চেয়েছে। গ্রেপ্তার চার আসামি নিজেদের খরচে আইনজীবী নিয়োগ করেছেন। পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা লড়ছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!