ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সারাহ কু
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার।   ছবি : জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ ২৫ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৯টায় আমিরের বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় সারাহ কুকের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড।

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াত। বৈঠকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের বিভিন্ন দিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ আরও শক্তিশালী হবে বলেও উভয় পক্ষ আশা প্রকাশ করে।

এছাড়াও দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।