শেহরীন আমিন ভূঁইয়া, মোনামী
শেহরীন আমিন ভূঁইয়া।   ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে বার্তা পাঠানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী)। ইনবক্সে আসা এসব বার্তা নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, মাইগ্রেনের ব্যথার কারণে শনিবার তিনি আগেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে উঠে দেখেন, জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে তাঁর ইনবক্সে বার্তার ‘ঝড়’। এ প্রসঙ্গে তিনি লেখেন, “কি একটা অবস্থা। আপনারা একটু ধৈর্য ধরেন।”

ফেসবুক পোস্টে ওই শিক্ষক আরও লেখেন, তাঁর ব্যক্তিগত ও পারিবারিক দায়িত্ব রয়েছে। একটি সন্তানকে স্কুলে পাঠানো, অফিসের প্রস্তুতি নেওয়া, ঘরের রান্না ও কাজ সামলানোর পরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সময় দিতে পারেন। তিনি বলেন, ‘এর পরে যেয়ে, ফেসবুক নিয়ে বসবো। কে কী বললেন, কেন বললেন—এসব চর্চা করতে।’

পোস্টের শেষাংশে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ততক্ষণ সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, ‘যেহেতু আমার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া আপনাদের দিনে রাতে আর কোনো কাজ নাই।’

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দলটির আমির ডা. শফিকুর রহমানসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এ সময় নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পরে বিকেল ৫টার পর অ্যাকাউন্টগুলো উদ্ধার করা সম্ভব হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।