শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান  আজমিনা, মামলা, রায়,
শেখ হাসিনা, শেখ রেহেনা, টিউলিপ, রাদওয়ান, আজমিনা।   ছবি: আরটিএনএন

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ-৪ আদালতের বিচারক মো. রবিউল আলম রায় ঘোষণা করেন। মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে ও মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীকে পৃথকভাবে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ দেন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকেও আসামি করা হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানান, গত বছরের ১৩ জানুয়ারি রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। অভিযোগপত্র (চার্জশিট) পরবর্তী তদন্ত শেষে ১০ মার্চ আদালতে দাখিল করা হয়। মামলায় মোট ১৮ জনকে আসামি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে ১০ কাঠা করে সরকারি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন বিভিন্ন সময়ের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তা ও সদস্যরা। আদালত তাদেরও অভিযোগের মাত্রা অনুযায়ী সাজা দিয়েছেন।