অন্তর্বর্তী সরকার, ওসমান হাদি
হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার।   ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় তদন্ত পরিচালনার জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিকগুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। সরকার এ বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে।

এদিকে, এর আগে শুক্রবার দুপুরে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। যাত্রাপথে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতেও একাধিক দফা আলটিমেটাম দিয়ে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা। পরিস্থিতি ঘিরে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে।