নির্বাচন কমিশন, আরএফইডি
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান আরএফইডি।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের আওতামুক্ত রাখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে এ নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানিয়েছে কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জেবেল।

তিনি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে আরএফইডি। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ব্যাহত করতে পারে এবং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। সংবাদ সংগ্রহ ও তাৎক্ষণিক তথ্য পাঠাতে সাংবাদিকদের জন্য মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ।

কাজী জেবেল আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচন কমিশন সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা শিথিল করার আশ্বাস দিয়েছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এ সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হলে কমিশনের সঙ্গে বৈঠকে বসে আরএফইডি।