১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে এ রায় দেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী দ্রুত মুক্তির আবেদন করলে আদালত জানান, আগামী সপ্তাহের মধ্যে সংক্ষিপ্ত রায়ে সই করা হবে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খান আকরামকে মৃত্যুদণ্ড দেন। ২০২৩ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন শেখ মোহাম্মদ উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা (কারাবন্দি) এবং পলাতক খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী ও শেখ রফিকুল ইসলাম বাবুল।
২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল।
অভিযোগগুলোর মধ্যে ছিল—১৯৭১ সালের মে, জুলাই, অক্টোবর ও নভেম্বর মাসে বাগেরহাটের মোড়লগঞ্জ ও কচুয়া থানার বিভিন্ন গ্রামে হামলা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতন, হত্যা এবং নারী নির্যাতনের ঘটনা। অভিযোগ অনুযায়ী, রাজাকার ও পাকিস্তানি দখলদার বাহিনীর সদস্যদের সহায়তায় নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষদের ওপর এসব অপরাধ সংঘটিত হয়।
ট্রাইব্যুনাল রায়ে সাতটি অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে আসামিদের সর্বোচ্চ সাজা দেন। তবে আপিল শুনানি শেষে আপিল বিভাগ খান আকরামের ক্ষেত্রে সেই রায় বাতিল করে তাকে খালাস দেন।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর খালাসের ভিত্তি ও আইনি বিশ্লেষণ জানা যাবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!