খালেদা জিয়া, জাইমা রহমান
গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য সম্মাননা পেয়েছেন খালেদা জিয়া। পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান।   ছবি: সংগৃহীত

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ও তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন মো. সাহাবুদ্দিন।

অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একাধিক নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য সম্মাননা পান খালেদা জিয়া। এছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শত প্রতিকূলতা ও অত্যাচারের মধ্যেও খালেদা জিয়া অদম্য ও অবিচল ছিলেন।

তিনি আরও বলেন, নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব দেশকে এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারী নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্যতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকারের প্রতীক হয়ে উঠুক।