মাসুদ উদ্দিন চৌধুরী, হাজতখানা, ময়লা পানি
ময়লা পানি থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী।   ছবি: সংগৃহীত

রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে মানব পাচার আইনের একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) একটি মাইক্রোবাসে করে মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে আনা হয়। কিছুক্ষণ পর তাঁকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) রায়হানুর রহমান তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে নবম তলার আদালত থেকে হাজতখানার উদ্দেশে বের করা হয়। পরে লিফট থেকে নিচতলায় নেমে সামনের দিকে এগোনোর সময় পেছন থেকে এক ব্যক্তি তাঁর গায়ে ময়লা পানি ঢেলে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি আগে থেকেই নীল পলিথিনে ময়লা পানি নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করার চেষ্টা করলেও ব্যর্থ হন। এ সময় মাসুদ উদ্দিন চৌধুরীর শরীর ও বুলেটপ্রুফ জ্যাকেটে ময়লা পানির চিহ্ন দেখা যায়। পরে পুলিশ দ্রুত তাঁকে হাজতখানায় নিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।