প্রধানমন্ত্রী, বেসরকারি খাত
বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক।   ছবি: সংগৃহীত

দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

রবিবার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

প্রধানমন্ত্রীর মনোনীত এই পরিষদের মাধ্যমে ব্যবসায়ীরা সরকারি উচ্চপর্যায়ে সরাসরি মতামত দিতে পারবেন। বিনিয়োগ পরিবেশ, প্রয়োজনীয় সংস্কার ও ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে তারা কাঠামোবদ্ধ প্রস্তাব উপস্থাপন করতে পারবেন।

পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন- ড. আরিফ দৌলা (এসিআই পিএলসি), সৈয়দ নাসিম মঞ্জুর (অ্যাপেক্স ফুটওয়্যার), হাফিজুর রহমান খান (রানার গ্রুপ), আহসান খান চৌধুরী (প্রাণ-আরএফএল গ্রুপ), জিয়াউর রহমান (বে গ্রুপ), আব্দুল মুক্তাদির (ইনসেপ্টা গ্রুপ), মো. আব্দুল জব্বার (ডিবিএল গ্রুপ), সোহানা রউফ চৌধুরী (র‍্যাংগস গ্রুপ) এবং সৈয়দ মোহাম্মদ তানভীর (প্যাসিফিক জিন্স গ্রুপ)।

সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বৈঠকে নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত পরিষদ বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে। এতে ব্যবসায়িক পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা থাকবে। প্রধানমন্ত্রী এই পরিষদকে পরামর্শ দেন, বিশ্বের অন্যান্য দেশের আইনি, নীতিগত ও নিয়ন্ত্রণমূলক মানদণ্ড (বেঞ্চমার্ক) পর্যালোচনা করতে, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে থাকতে পারে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের মতামত প্রদানের কাঠামোগত ব্যবস্থা তৈরির লক্ষ্যে এই পরিষদ গঠন করা হয়েছে। দেশের সংস্কার ও বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নেওয়ার জন্য দক্ষ ব্যবসায়িক নেতাদের একত্রিত করায় আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’